নিজস্ব প্রতিবেদকঃ
মেয়াদ শেষ হওয়ার আগেই সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পরিবর্তনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছেন হাইকোর্ট।ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন বিজ্ঞ আদালত।একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির(সংশোধিত)সংবিধি-২০১৯-এর ৭ ধারার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কেন তা অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।সোমবার(৩ই আগস্ট)বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।আদালতের এ আদেশের ফলে আপাতত কলেজটির সভাপতির দায়িত্বে সাবিনা সিদ্দিকার নিয়োগ কার্যকর হচ্ছে না।রিট আবেদনের তথ্য অনুযায়ী,২০২৫ইং সালের ২৪শে এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ইং সালের ২৪শে এপ্রিল।তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় আট মাস আগেই গত ২৩শে জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত একআদেশে সভাপতি পদে পরিবর্তন আনা হয়।ওই আদেশে ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে সরিয়ে নতুন সভাপতি হিসেবে সংসদ সদস্যের স্ত্রী সাবিনা সিদ্দিকাকে মনোনয়ন দেওয়া হয়।এ ঘটনায় ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,রেজিস্ট্রার ও কলেজ পরিদর্শক বরাবর আইনি নোটিশ পাঠিয়ে আদেশ প্রত্যাহারের দাবি জানান।কিন্তু কোনো প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন।রিটে বলা হয়,চলমান গভর্নিং বডির মেয়াদ থাকা অবস্থায় কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই সভাপতি পরিবর্তন করা হয়েছে।পাশাপাশি যাঁর নিয়োগ বাতিল করা হয়েছে,তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া আইনের মৌলিক নীতির পরিপন্থী।আবেদনে আরও দাবি করা হয়,জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত সংবিধির ৭ ধারায় উপাচার্যকে গভর্নিং বডির সভাপতি মনোনয়ন পরিবর্তনের যে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে,সেটিও প্রশ্নবিদ্ধ।শুনানি শেষে হাইকোর্ট সভাপতি পরিবর্তনের আদেশের কার্যকারিতা স্থগিত করেন এবং সংশ্লিষ্ট বিধি ও নিয়োগ আদেশের বৈধতা নিয়ে রুল জারি করেন।
ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নূর উল মতিন।
বাংলাদেশ সময়ঃ ১২:৪৫ মিনিট
৪ই আগস্ট ২০২৬ইং
এইচএমএইচ