সাভার প্রতিনিধি:
হত্যা মামলায় আসামি থাকার অভিযোগ তুলে সাভার পৌরসভার মেডিকেল অফিসার কাজী আয়শা সিদ্দিকা বন্যাকে চাকরি থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির সাভার উপজেলা শাখা। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।বৃহস্পতিবার(২৯শে অক্টোবর)দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,কাজী আয়শা সিদ্দিকা বন্যা বাংলাদেশ যুব মহিলা লীগের সাভার পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলায় তিনি আসামি বলে দাবি করেন তাঁরা।সরকারি চাকরিতে তাঁর বহাল থাকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।জাতীয় ছাত্রশক্তির সাভার উপজেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান মুন্না বলেন,ছাত্র হত্যার মামলায় অভিযুক্ত হওয়ার পরও একজন সরকারি কর্মকর্তা কীভাবে দায়িত্ব পালন করছেন,তা খতিয়ে দেখা প্রয়োজন।তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করেন।মানববন্ধন থেকে বক্তারা কাজী আয়শা সিদ্দিকা বন্যার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, অভিযোগ প্রমাণিত হলে চাকরি থেকে অপসারণ এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানান।দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তাঁরা।
বাংলাদেশ সময়ঃ ০৫:৫০ মিনিট
২৯শে অক্টোবর ২০২৬ইং
কেওইএস/কালের বার্তা