স্টাফ রিপোর্টার:
ঢাকার সাভারে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া,ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগে রণক্ষেত্রে পরিণত হয়েছে হেমায়েতপুরের পদ্মার মোড়সহ ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি এলাকা। সংঘর্ষে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম ও পাঁচ সাংবাদিক আহত হয়েছেন।এ সময় পুলিশের একটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।বুধবার(৪ই নভেম্বর)হেমায়েতপুর,পদ্মার মোড় ও উলাইল এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।একপর্যায়ে হেমায়েতপুরের পদ্মার মোড়ে দায়িত্ব পালনকালে ওসি সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে।এ সময় তাঁকে বহনকারী পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।একই সঙ্গে কয়েকটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়।পরে আহত ওসিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন পুলিশ সদস্যরা।সংঘর্ষের মধ্যে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন পাঁচ সাংবাদিক। তাঁদের মধ্যে সাভার প্রেসক্লাবের সভাপতি ও নিউজ২৪-এর স্টাফ রিপোর্টার নাজমুল হুদা এবং ক্যামেরাপারসন এমদাদ হোসেন গুরুতর আহত হন।তাঁদের উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ছাড়া একই এলাকায় দায়িত্ব পালনকালে স্টার নিউজের প্রতিনিধি আহমেদ সোহান সিরাজী এবং একাত্তর টেলিভিশনের সাংবাদিক রায়হান ও উজ্জ্বল হোসেন হামলার শিকার হয়ে আহত হন।সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাভারসহ দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।তাঁরা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।অন্যদিকে পুলিশের দাবি, পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি বহিরাগত স্বার্থান্বেষী মহল সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ,অগ্নিসংযোগ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাভারের শিল্পাঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।
বাংলাদেশ সময়ঃ ০৫:১৭ মিনিট
৪ই নভেম্বর ২০২৬ইং
এসকেওই/কালেরবার্তা