সাঈফ মাহমুদ(সাভার)।
জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ,ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং গণমাধ্যমে প্রচারিত তথ্যের সত্যতা যাচাইয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঢাকার সাভারে স্থানীয় সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সাভার উপজেলা পরিষদের বিজয়-৭১ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ সভায় সামাজিক বৈষম্য নিরসন,প্রচলিত নেতিবাচক ধারণার পরিবর্তন এবং অনলাইন মাধ্যমে দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরা হয়।সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সাইফুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম শহিদুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহানারা বেগম এবং জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী নার্গিস আফরোজা।এ ছাড়া বাংলাদেশ ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহাসচিব হাসানুর রহমান সিয়াম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন নাফি সভায় অংশ নেন।আলোচনায় জেন্ডারভিত্তিক বৈষম্য ও গতানুগতিক সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, অনলাইন ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাইয়ের বিষয়গুলো গুরুত্ব পায়।বিশেষ করে,যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সচেতন ও দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে বৈষম্যহীন সমাজ গঠন ও সচেতন নাগরিক তৈরিতে সরকারি প্রতিষ্ঠান এবং যুব সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের গুরুত্ব আলোচনায় উঠে আসে।সংশ্লিষ্টদের প্রত্যাশা,এ ধরনের উদ্যোগ জেন্ডার সমতা প্রতিষ্ঠা,ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।
বাংলাদেশ সময়ঃ ০১:৪৮ মিনিট
১৫ই অক্টোবর ২০২৬ইং
বিএসইএম/কালেরবার্তা