
সাভার প্রতিনিধি:
সাভারের ঐতিহ্যবাহী মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির দুই বছরের পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রায় আট মাস আগেই সভাপতি পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কোনো অভিযোগ বা পূর্ব নোটিশ ছাড়াই সাবেক সভাপতিকে সরিয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ ডা.সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকা রিতাকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।তবে এ ঘটনাকে স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের উদাহরণ হিসেবে দাবি করেছেন সাবেক সভাপতি।জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুটি পৃথক অফিস আদেশ পর্যালোচনায় দেখা যায়,২০২৫ইং সালের ২৪শে এপ্রিল তৎকালীন কলেজ পরিদর্শক মোঃ আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত আদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য কলেজের গভর্নিং বডির সভাপতি এবং অধ্যাপক ড. ফকির রফিকুল আলমকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।এরপর চলতি বছরের ২৩শে জুলাই ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আরেকটি আদেশে পূর্বের সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের স্থলে সাবিনা সিদ্দিকা রিতাকে এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে শিরিন আফরোজকে মনোনয়ন দেওয়া হয়।নতুন কমিটির মেয়াদও ২৩শে এপ্রিল ২০২৭ইং পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।সদ্য সাবেক সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান তার বক্তব্যে বলেন,জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম মেনে দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি দিয়েছিল।আমরা দায়িত্ব পালন করছিলাম।কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ বা পূর্ব অবহিতকরণ ছাড়াই আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে মাঝপথে সভাপতি করা স্বজনপ্রীতি ও ক্ষমতার প্রভাবের বহিঃ প্রকাশ বলে আমি মনে করি।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আকস্মিক পরিবর্তন স্বাভাবিক পরিবেশে প্রভাব ফেলে।শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় স্বচ্ছতা ওনিরপেক্ষতা বজায় থাকা প্রয়োজন।এবিষয়ে আরো জানতে কলেজের অধ্যক্ষ এস.এম.এ.জামানের সঙ্গে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।তবে কলেজের অফিস সহকারী আব্দুর রাজ্জাক বলেন,জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি পরিবর্তনের চিঠি কলেজে এসেছে এবং সে অনুযায়ী নতুন সভাপতি দায়িত্ব গ্রহণ করেছেন। তবে এ বিষয়ে সিদ্ধান্তের কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।অন্যদিকে নবনিযুক্ত সভাপতি সাবিনা সিদ্দিকা রিতা বলেন,নারী শিক্ষার উন্নয়ন ও নারী নেতৃত্বকে আরও এগিয়ে নিতে আমি নিজেই এই আবেদন করেছিলাম।সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী আমাকে দায়িত্ব দিয়েছে।এখানে স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ ড.সালাউদ্দিন বাবুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।এদিকে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজ সাভারের অন্যতম পুরোনো একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান।দীর্ঘদিনের এই প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সভাপতি পরিবর্তনের ঘটনায় শিক্ষক,অভিভাবক ও সচেতন মহলে নানা গুঞ্জনসহ প্রশ্ন উঠেছে।বিশেষ করে কী কারণে মেয়াদের মাঝপথে এই পরিবর্তন আনা হলো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবিধির ৭ নম্বর ধারা প্রয়োগের যৌক্তিকতা কী—এ নিয়ে আলোচনা চলছে।
থাকছে দ্বিতীয় কলামে,,,,,,,,
বাংলাদেশ সময়ঃ ০২:৪০ মিনিট
২৫শে জুলাই ২০২৬ইং
এইচজেওএম

সাভার প্রতিনিধি। 















