
সাঈফ মাহমুদ(সাভার)।
দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল ও ধ্বংসের অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন,গার্মেন্টসশিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা ও দেশের অর্থনীতি জড়িত।শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে কোনো গোষ্ঠী যেন শিল্পাঞ্চলে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে,সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।বুধবার(৪ই নভেম্বর)বিকেলে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বিশেষ আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন,শ্রমিকরা কখনো নিজেদের কর্মসংস্থানের ক্ষেত্র ধ্বংস করতে চান না।মজুরি বোর্ড গঠনের দিন থেকেই শ্রমিকরা কাজে ফিরেছেন। কিন্তু ফ্যাসিস্ট ও দুষ্কৃতিকারীরা শ্রমিকদের আন্দোলনকে বাধাগ্রস্ত করে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। শ্রমিকরাও বলেছেন,এটি এখন আর তাদের আন্দোলন নয়।তিনি বলেন,ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করবে মজুরি বোর্ড। আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন শ্রমিকরা।শ্রমিকদের মূল দাবি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান। তাই আন্দোলনের নামে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না।সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন,পোশাকশিল্পের সঙ্গে লাখ লাখ মানুষের রুটি-রুজি জড়িত। এই শিল্প ক্ষতিগ্রস্ত হলে শুধু শ্রমিক নয়, দেশের সামগ্রিক অর্থনীতিও ক্ষতির মুখে পড়বে।একটি গোষ্ঠী ও পার্শ্ববর্তী একটি দেশ এই শিল্পকে টিকতে দিতে চায় না বলেও তিনি অভিযোগ করেন। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক নেতাকর্মী,শ্রমিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।শিল্পাঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ককটেলসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার হয়েছেন। রাজনৈতিক নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শ্রমিকদের প্রকৃত পরিস্থিতি বোঝানোর পাশাপাশি নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন,জাপান বাংলাদেশ থেকে দুই লাখের বেশি কর্মী নেওয়ার কথা জানিয়েছে।বিভিন্ন দেশও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে। দেশের অর্থনীতি ও শিল্পের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান,ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু,ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি)মোস্তাফিজুর রহমান,ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন,ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ।এ ছাড়া সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম,বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সভায় অংশ নেন।
বাংলাদেশ সময়ঃ ০৬:০০ মিনিট
৪ই নভেম্বর ২০২৬ইং
এসইএফ/কালেরবার্তা

সাঈফ মাহমুদ(সাভার)। 








