
সাঈদ মাহমুদ(সাভার):
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খনিজ জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সবুজ আন্দোলন।সংগঠনটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় এ বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করুন,নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করুন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিটির আয়োজন করা হয়েছে।আয়োজক সূত্রে জানা গেছে,প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবেশ সুরক্ষা,বৃক্ষরোপণ,জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই জ্বালানি ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হবে।একই সঙ্গে পরিবেশ রক্ষায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।এ ছাড়া ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তি,পরিবেশসচেতন নাগরিক ও সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সবুজ আন্দোলন ঢাকা জেলা উত্তরের সভাপতি আশিফুল ইসলাম জনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সংগঠনের ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম পিন্টু।
আয়োজকরা বলছেন,নির্বিচারে গাছ কাটা,শিল্পায়ন ও নগরায়ণের চাপ এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে পরিবেশের ওপর ক্রমেই চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে বৃক্ষরোপণের পাশাপাশি পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি।তাদের মতে,শুধু বৃক্ষরোপণ করলেই পরিবেশ সুরক্ষা সম্ভব নয়;দূষণ নিয়ন্ত্রণ,জ্বালানি ব্যবস্থায় পরিবর্তন এবং পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাও জরুরি।এ লক্ষ্যেই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবেশ ও জ্বালানি বিষয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।সবুজ আন্দোলনের নেতৃবৃন্দ আশা করছেন,বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিষয়ে জনসচেতনতা তৈরি হবে।
বাংলাদেশ সময়: ০১:৩৭ মিনিট
০১ সেপ্টেম্বর ২০২৬ইং
কেওইএস

সাঈফ মাহমুদ(সাভার)। 








