
সাভার প্রতিনিধি:
ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে সরকারি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা ও নীতিমালা অনুসরণের বিষয়টি যাচাইয়ের দাবি জানিয়ে গত ১১ই অক্টোবর ঢাকা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ ইব্রাহিম মিয়া।
আবেদনে দাবি করা হয়,‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়ার বিধান রয়েছে।অথচ বিরুলিয়ায় নিয়োগপ্রাপ্ত মেসার্স পদ্মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ নাজমুল আলম খানের স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ইতরা গ্রামে।বর্তমানে তিনি সাভার পৌরসভার তালবাগ এলাকায় বসবাস করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।অভিযোগকারী দাবি করেন,স্থানীয় যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও নিয়োগে নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না,তা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।তবে নাজমুল আলম খান বলেন,আমি ৫০ বছর যাবৎ সাভারে বসবাস করে আসছি। সাভারের বাসিন্দা হিসেবে আমি বিরুলিয়ায় সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছি।সাভার উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন বলেন,ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে আবেদন না পাওয়া গেলে উপজেলা পর্যায় থেকে সার ডিলার নিয়োগ করা যায়।আবেদনের অনুলিপি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের যাচাই-বাছাই বা চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়ঃ ১০:৪৫ মিনিট
১৩ই অক্টোবর ২০২৬ইং
এসডিএম/কালের বার্তা

সাভার প্রতিনিধি। 








